মাত্র ৪৫ টাকা খরচ করে নির্মাণ বর্জ্য থেকে ইট তৈরির নকশা বানিয়ে চমকে দিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের ছাত্র অরুণ কে তায়াল। অরুণ, মানেসরের জি ডি বিড়লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত একটি জাতীয় স্তরের সম্মেলনে ইটটি প্রদর্শন করেছেন অরুণ। অরুণ নিজেই জানিয়েছেন এ কথা। সম্মেলনের সভাপতি, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহতাব আলম বলেন, ‘নির্মাণ বর্জ্য গঠনমূলক ভাবে পুর্নব্যবহারের এই ভাবনা প্রশংসার যোগ্য’। চোখের সামনে প্রচুর পরিমাণ নির্মাণ উপকরণের বর্জ্যে পরিণত হওয়া দেখতে দেখতেই পালওয়ালের বাসিন্দা অরুণের মাথায় এই পরিকল্পনা আসে। ‘আমি প্রায় এক মাস ধরে এই প্রকল্প নিয়ে কাজ করেছি। প্রথমে আমি একটি নির্মাণ স্থল থেকে বর্জ্য সংগ্রহ করি, তার পর আমার শিক্ষকরা এগুলির প্রক্রিয়াকরণ করতে আমায় সাহায্য করেন’, বলছেন অরুণ। ‘ব্যবহার না হওয়া প্লাস্টার অফ প্যারিস, কাঠের টুকরো, প্লাস্টার, ওয়াল পুট্টি ও মেঝে পালিশের ক্লে সংগ্রহ করা হয়, সেগুলিকে একসঙ্গে গুঁড়ো করা হয়, তার পর নতুন প্লাস্টার অফ প্যারিস, কালো সিমেন্ট, ফেভিকল, ল্যাটেক্স ও জল দিয়ে এগুলিকে একত্রে মেশানো হয়’, বললেন অরুণের অন্যতম শিক্ষক অনিন্দিতা রায় চৌধুরী। অরুণকে এই প্রকল্পে সহায়তা করেছেন অনিন্দিতা। ‘অব্যবহৃত কাচের টুকরো, একটি কাচের ছাঁচের মধ্যে রাখা হয় এবং সেখানে মিশ্রণটি ঢালা হয়। তার পর সেটিকে শুকিয়ে ইটের আকার নেওয়ার জন্য আলাদা করে রেখে দেওয়া হয়’, জানালেন অনিন্দিতা। অরুণ বলেন, ‘ইটটি তৈরি করতে ৪৫ টাকা খরচ হয়েছে। কিন্তু এটা আরও সস্তায় করা যেত। প্রচুর পরিমাণে এই ইট তৈরি করলে খরচ অনেক কম হবে। ইটটির শক্তি ৯.৯ কিলো-নিউটন। আমাদের লক্ষ্য ২০ কিলো-নিউটন।’ সূত্র- http://www.eco-business.com/news/engineering-student-designs-brick-construction-waste/