কলকাতা মেডিকেল কলেজ, আনুষ্ঠানিকভাবে মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা, পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার একটি সরকারী মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল। এটি এশিয়ার প্রাচীনতম হাসপাতাল। ১৮৩৫ সালের ২৮ জানুয়ারি ব্রিটিশ রাজের সময় লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কর্তৃক মেডিকেল কলেজ, বেঙ্গল হিসাবে প্রতিষ্ঠিত হয়। জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল কলেজের পরে এটি এশিয়ার দ্বিতীয় প্রাচীনতম মেডিকেল কলেজ এবং ইংরেজি ভাষায় পড়ানোর জন্য প্রথম ইনস্টিটিউট। কলেজের সঙ্গে যুক্ত হাসপাতালটি পশ্চিমবঙ্গের বৃহত্তম হাসপাতাল। কলেজটি সাড়ে পাঁচ বছরের মেডিকেল প্রশিক্ষণের পরে এমবিবিএস ডিগ্রি প্রদান করে। ব্রিটিশ ভারতে ইউরোপীয়দের স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬৪ সালেই ইন্ডিয়ান মেডিক্যাল সার্ভিস (আই.এম.এস) প্রতিষ্ঠা করে। ১৮২২ সালের ৯ মে ব্রিটিশ সরকার বাংলার প্রেসিডেন্সির বেসামরিক ও সামরিক স্থাপনায় স্থানীয় ডাক্তারদের পদ পূরণের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করে। উল্লিখিত উদ্দেশ্যে এবং স্থানীয় ভাষায় চিকিৎসা শিক্ষা প্রদানের জন্য, ২১শে জুন, ১৮২২ সালে তারা "দি নেটিভ মেডিক্যাল ইনস্টিটিউশন" প্রতিষ্ঠা করেন। ১৮৩৩ সালে উইলিয়াম বেন্টিঙ্ক কমিটি 'আদিবাসীদের শিক্ষার জন্য' একটি মেডিকেল কলেজের প্রয়োজনীয়তার সুপারিশ করেন। ফলশ্রুতিতে ১৮৩৫ সালের ২৮ শে জানুয়ারী একটি নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, যা কলকাতা মেডিকেল কলেজ নামে পরিচিত। সূত্র: কলকাতা মেডিকেল কলেজ