এই যুগটা অটোমেশনের। কম্পিউটারের সঙ্গে অতি আধুনিক যন্ত্রপাতি ঢুকে পড়েছে স্বাস্থ্য পরিষেবাতেও। আর সেই সঙ্গে চাহিদা বাড়ছে মেডিক্যাল টেকনোলজিস্টদের। দেখা গেছে, এই ক্ষেত্রটিতে কাজের সুযোগ দেশের অন্যান্য কর্মক্ষেত্রগুলির তুলনায় অনেক দ্রুতহারে বাড়ছে। মেডিক্যাল টেকনোলজিস্টদের দায়িত্ব হল গবেষণাগারে রোগ নির্ণয়। এর মধ্য থাকতে পারে রক্ত থেকে বডি ফ্লুইড - যে কোনও কিছু সংক্রান্ত অ্যানালিটিক্যাল টেস্ট। এঁদের দেওয়া বিভিন্ন ল্যাবরেটরি ইনফরমেশন বা তথ্যের ওপরেই নির্ভর করে বিশেষজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করেন। সরকারি উদ্যোগে, প্রয়োজনের তাগিদে, শিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট তৈরির জন্য বেশ কয়েকটি টেকনিক্যাল ও প্যারামেডিক্যাল কোর্স ও কলেজ চালু হয়েছে গোটা দেশে। বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, হেল্থ ক্লাব অথবা কমিউনিটি হেল্থ সেন্টার, সব জায়গাতেই দরকার মেডিকেল টেকনোলজিস্টদের। তাই এগুলোর সংখ্যা যত বাড়ছে, বাড়ছে টেকনোলজিস্টদের প্রয়োজন। এ ছাড়াও হাসপাতাল, কোনও ক্লিনিক বা ডাক্তারের চেম্বারের সঙ্গে যুক্ত ল্যাবরেটরি, সরকারি স্বাস্থ্য সংস্থা, বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার, শিল্প সংস্থার সঙ্গে যুক্ত গবেষণাগার, সেল্স অথবা গ্রাহক পরিষেবায়ও এদের প্রয়োজন আছে। কোথায় পড়ানো হয় ১. খ্রিস্টান মেডিকেল কলেজ, ভেলোর ও লুধিয়ানা ২.গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঔরঙ্গাবাদ,নাগপুর, অমৃতসর, পাতিয়ালা ৩.লোকমান্য তিলক মিউনিসিপ্যাল মেডিকেল কলেজ, সিওন, মুম্বই ৪. জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, পুদুচেরি ৫. ইউনিভার্সিটি অফ কেরালা, মেডিক্যাল কলেজ ৬. এআইআইএমএস, নয়াদিল্লি (মেডিক্যাল টেকনোলজিতে বিএসসি, অপথ্যালমিক টেকনোলজিতে বিএসসি ডিগ্রি) ৭. কস্তুরবা মেডিক্যাল কলেজ, মণিপাল (নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিতে বিএসসি) ৮. গুরু নানক ইনস্টিটিউইট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কলকাতা ৯. বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, বাঁকুড়া ১০. প্যারামেডিক্যাল কলেজ, দুর্গাপুর ১১. ডঃ কে আর অধিকারী কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিকেল টেকনোলজি, নদিয়া ১২. হলদিয়া ইনস্টিটিউট অফ হেল্থ সায়েন্স, হলদিয়া ১৩. যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা ১৪. স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলকাতা সূত্র: যোজনা, ফেব্রুয়ারি, ২০১৫