দেওঘর থেকে ৩৫ কিমি দূরে মধুপুর। তীর্থের সঙ্গে জলবায়ূর গুণে দেওঘর খ্যাত হলেও স্বাস্থ্যকর জায়গা হিসেবে টিলায় ভরা পাহাড়িয়া মধুপুর অধিক খ্যাত। অতীতের শাল, শিমুল, মহুয়া আজ আর নেই। মধুও হয় না মৌচাকের গাছে গাছে। তবু মিষ্টি জল ও স্নিগ্ধ বাতাসের আকর্ষণে হাওয়াবিলাসী বাবুরা আজও আসেন মধুপুরের মধুপানে। তবে চিমনিও বসেছে গ্লাস কারখানার, ধূলাকীর্ণ স্টেশন রোডটিও যথেষ্ট ঘিঞ্জি আজ। রেল স্টেশন থেকে বেরোতেই বাঁ হাতে ডালমিয়া কূপ, ডাইনে কালিপুর। স্টেশনকে ডাইনে রেখে কবরখানা ছাড়িয়ে সর্বধর্ম সমন্বয় ও মানবসেবায় ব্রতী প্রভুধাম। আরও এগিয়ে প্রাচীনতম পাথরচাপটি ছাড়িয়ে বৃহত্তম ও তথা নিকটতম বাহান্ন বিঘার একান্তে ১৩২২ সালের কপিল মঠ। আর যেতে ধর্ম মন্দির, চতুর্ভূজ নারায়ণ মন্দিরটিও সুন্দর। আশু ঘোষের সোনার বাংলা, আর আহমেদের রিভার ভিউ-ও বাহান্ন বিঘায়। সামনে শেখপুরা অর্থাৎ হাওয়াবিলাসী বাবুদের তীর্থনীড়। এমনকী বাংলার বাঘ স্যার আশুতোষের গঙ্গাপ্রসাদ ভবনটিও এই শেখপুরায়। তবে বাড়িটির মালিকানায় বদল ঘটেছে। দেওঘরমুখী লালগড়ের পথেও চেঞ্জারবাবুদের বাড়িঘর উঠেছিল সে কালে। এ পথেই ৬ কিমি যেতে পাতরোল। রয়েছে কষ্টিপাথরের কালী মূর্তি। মন্দিরও হয়েছে দেউলধর্মী, অতীতের শ্মশানভূমিতে। শনি-মঙ্গলে যাত্রীর আধিক্য। এ ছাড়াও রয়েছেন অন্যান্য অনেক দেবতা। কাছেই অতীতের রাজবাড়ি। উৎসাহীরা মধুপুর থেকে গিরিডি পথে ৮ কিমি দূরে বকুলিয়া ঝরনা, গিরিডিমুখী ৫১ কিমি দূরের ৭ টিলার বড়াই পাহাডও বেড়িয়ে নিতে পারেন। অনুচ্চ টিলা এটি, একটিতে বুড়েশ্বরী, একটিতে ত্রিশূলেশ্বরী দেবীর মন্দির। কলকাতা থেকে মধুপুরের দূরত্ব ২৯৪ কিমি। শিমুলতলা ও জসিদির প্রতিটি ট্রেন যায় মধুপুর হয়ে। মুহুর্মুহু বাসও যায় দেওঘরের ওল্ড মিনা বাজার বাস স্ট্যান্ড থেকে মধুপুরে। যাতায়াতে বাসই সুবিধাজনক। ঘণ্টা দেড়েকের পথ। আর মধুপুর ডাকবাংলো স্ট্যান্ড থেকে গিরিডি, বাজার স্ট্যান্ড থেকে দেওঘর যায় বাস। বাঙালি হোটেল থেকে ধর্মশালা, মধুপুরে থাকার জায়গাও অঢেল। সুত্রঃ পোর্টাল কনটেন্ট টিম