অ্যাপ ক্র্যাশ হলে স্মার্টফোনের অ্যাপ ক্র্যাশ করতে পারে যখন তখন। হ্যাং হয়ে যেতে পারে স্মার্টফোন। এমন পরিস্থিতিতে ফোনটির ব্যাটারি খুলে ফেলে আবার লাগিয়ে অন করতে হবে। বর্তমানে এমন অনেক স্মার্টফোন আছে, যেগুলোর ব্যাটারি সরাসরি খোলা যায় না। সে ক্ষেত্রে নির্ধারিত বাটনে ক্লিক করে 'রিসেট' করতে হবে। এ ভাবেও যদি কাজ না হয়, তখন অ্যাপের ক্যাশ মেমোরি মুছে ফেলতে হবে। ক্যাশ মেমোরি মুছতে প্রথমে যেতে হবে ফোনের সেটিংসে। সেখান থেকে নীচের দিকে থাকা 'অ্যাপস' অপশনে ক্লিক করতে হবে। তার পর ক্র্যাশ হয়ে যাওয়া অ্যাপটিতে ক্লিক করলে 'অ্যাপ-ইনফো' নামের একটি পাতা আসবে। এর নীচের ক্যাশ অংশে থাকা 'ক্লিয়ার-ক্যাশ' বাটনটি চেপে অ্যাপের ক্যাশ মেমোরি মুছে দিতে হবে। এর পরও যদি সমস্যা থাকে, তা হলে অ্যাপ ইনফো থেকে 'ক্লিয়ার ডেটা' ও 'ক্লিয়ার ক্যাশ' লেখা অপশন দু’টিতেই ক্লিক করতে হবে। বিস্ফোরণ থেকে বাঁচার উপায় স্মার্টফোনে কখনও কখনও বিস্ফোরণও হয়ে থাকে। এতে স্মার্টফোন বিকল হওয়ার পাশাপাশি ব্যবহারকারীও আহত হতে পারেন। এমন দুর্ঘটনায় মারা যাওয়ার উদাহরণও আছে। স্মার্টফোন বিস্ফোরণে আগুন লেগে গেছে বাড়িতেও! স্মার্টফোন বিস্ফোরণ থেকে বাঁচতে কিছু উপায় অনুসরণ করা যেতে পারে : ওয়াই-ফাই চালু অবস্থায় দুর্বল নেটওয়ার্কে কথা বললে স্মার্টফোন গরম হয়ে যেতে পারে। চার্জ দেওয়ার সময়ও এটি গরম হয়। দুইয়ে মিলে অতিরিক্ত তাপে যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটে যেতে পারে। তাই স্মার্টফোন চার্জে দিয়ে ব্যবহার না করাটাই ভালো। ব্যাটারি উন্নতমানের না হলে খানিকক্ষণ ব্যবহারেই ডিভাইস গরম হয়ে যায়। এ ভাবেও অনেক সময় স্মার্টফোনের বিস্ফোরণ ঘটে। তাই ব্যবহার করতে হবে মানসম্পন্ন ব্যাটারি। অনেক সময় হাত থেকে ফোন মেঝেতে পড়ে যায়। এ ক্ষেত্রে ফোনটির বহিরংশে কোনও ক্ষত চোখে না পড়লেও ক্ষতি হতে পারে ভেতরের যন্ত্রাংশে। এমনকী ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যাটারিও। তাই হাত ফসকে পড়ে গেলে রিপেয়ারিং সেন্টারে নিয়ে ফোনটি ঠিক আছে কি না তা পরীক্ষা করে দেখা উচিত। চার্জ দেওয়ার সময় স্মার্টফোন বালিশ বা অন্য কিছু দিয়ে চেপে রাখা উচিত নয়। আগেই বলা হয়েছে, চার্জ দেওয়া অবস্থায় ফোনে তাপ উৎপন্ন হয়। এর ওপর যদি তা ঢেকে রাখা হয়, তা হলে ক্ষতির আশঙ্কা অনেক বেড়ে যায়। সে জন্য সব সময় খোলামেলা স্থানে রেখে মোবাইল চার্জে দেওয়া উচিত। ফোনে জল প্রবেশ করলে অধিকাংশ ক্ষেত্রে শুকিয়ে নিয়ে তা ঠিক করা হয়। কিন্তু এ ক্ষেত্রে শর্টসার্কিটে কোনও সমস্যা দেখা দিল কি না তা রিপেয়ারিং সেন্টারে নিয়ে ভালো ভাবে পরীক্ষা করে দেখা উচিত। অনেক সময় ক্ষতিগ্রস্ত শর্ট সার্কিটের জন্য ফোনের বিস্ফোরণ ঘটে। সূত্র: kalerkantho.com