বাবা-মা কিংবা অভিভাবকহীন শিশুদের সম্পর্কে কী বলা হয়েছে ? ২ (ট) ধারায় শুধুমাত্র শিশুর বাবা-মার সংজ্ঞা দেওয়া হয়েছে এবং ১০ নং ধারায় শিশুর পড়াশোনা নিশ্চিত করার ক্ষেত্রে বাবা-মায়ের দায়িত্বের কথা বলা হয়েছে। যদিও ৮ নং ধারা অনুযায়ী (ব্যাখ্যা ১), ‘বাধ্যবাধকতা’ রাষ্ট্রের, বাবা-মায়ের নয়। তাই কোনও শিশুর, শিক্ষার অধিকার সুনিশ্চিত করার দায়িত্ব ‘যথাযথ সরকারের’, বাবা-মায়ের নয়। ‘নির্দেশিত’ বলতে কী বোঝায় ? যেখানেই ‘নির্দেশিত’ শব্দটি ব্যবহার হবে, সেখানেই বোঝাবে ‘যথাযথ সরকার’ প্রাসঙ্গিক বিধি তৈরি করবে। ‘স্কুল’-এর কী সংজ্ঞা দেওয়া হয়েছে ? ২ (ঢ) ধারায় ৪টি ধরন সংজ্ঞায়িত করা হয়েছে -- (১) সরকার বা স্থানীয় প্রশাসনের আর্থিক সাহায্যপ্রাপ্ত এবং পরিচালিত। (২) বেসরকারি কিন্তু সরকার বা স্থানীয় প্রশাসনের আর্থিক সাহায্যপ্রাপ্ত। (৩) বিশেষ শ্রেণির অধীনে সংজ্ঞায়িত স্কুল – যেমন, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, সৈনিক স্কুল, সেন্ট্রাল টিবেটান স্কুল অ্যাসোসিয়েশনের অধীন স্কুলগুলি এবং একই ধরনের অন্যান্য স্কুল। (৪) বেসরকারি স্কুল যারা সরকার বা স্থানীয় প্রশাসন থেকে কোনও সাহায্য নেয় না।